
মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় মাদক, কিশোর গ্যাং এবং অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় উপজেলার আইনশৃঙ্খলার বর্তমান চিত্র নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া চুরি, মাদক কারবার এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও পাপিয়া সুলতানা বলেন, “শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে অপরাধীর কোনো ছাড় নেই। মাদক ও নারী নির্যাতন প্রতিরোধে আমাদের অভিযান আরও গতিশীল হবে।” কাউনিয়া থানার ওসি নজমুল হক অপরাধ দমনে পুলিশি টহল জোরদার এবং নিয়মিত নজরদারির প্রতিশ্রুতি দেন।
সভায় বক্তারা আরও উল্লেখ করেন, কেবল প্রশাসনিক পদক্ষেপ দিয়ে অপরাধ নির্মূল সম্ভব নয়; এর জন্য জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে সড়ক দুর্ঘটনা হ্রাস এবং নারী-শিশু নির্যাতন রোধে জনসচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
সহকারী কমিশনার (ভূমি) অংকন পালের উপস্থিতিতে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজয় সাহা এবং কৃষি কর্মকর্তা তানিয়া আকতার। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 


















