
(ফরিদপুর)প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে ভাঙ্গায় হৃদরোগে আক্রান্ত হয়ে কৃষকদল নেতার মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি হলেন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক খাইরুজ্জামান আলম মুন্সি (৪৫)। তিনি লোহাগড়া থানার দীঘলিয়া গ্রামের বাসিন্দা ও চেরাক আলী মুন্সীর পুত্র।
বুধবার (দিবাগত রাত) ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ভাঙ্গা উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘ ১৭ বছর পর নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। এ সময় ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় গাড়িবহরে থাকা অবস্থায় হঠাৎ করে খাইরুজ্জামান আলম মুন্সি অসুস্থ হয়ে পড়েন এবং হার্ট অ্যাটাকে আক্রান্ত হন।
তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মো. আক্তারুজ্জামান জানান, বুধবার রাত আনুমানিক ১২টার দিকে ওই কৃষকদল নেতাকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম মামুন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Reporter Name 






















