
সিনিয়র স্টাফ রিপোর্টার – অসিত চক্রবর্তী: ১৫ দিনের আল্টিমেটাম, না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (বাপবিবো) দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে গঠিত ‘বৈষম্য বিরোধী পল্লী বিদ্যুৎ কর্মকর্তা/কর্মচারী পরিষদ’ এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর ২০২৫) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বৈষম্যের অবসানে অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে পরিষদের আহ্বায়ক জনাব স্বদেশ চন্দ্র সাহা রায় সভাপতিত্ব করেন। লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সদস্য সচিব জনাব খন্দকার কামরুল ইসলাম।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বৈরাচারী সরকারের শাসনামলে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক বিরোধী শিবিরের ট্যাগ আরোপ করে প্রচলিত বিধি-বিধান লঙ্ঘনের মাধ্যমে বহু কর্মকর্তা-কর্মচারীকে অন্যায়ভাবে চাকুরিচ্যুতি, জোরপূর্বক কর্মস্থলে যোগদানে বাধা, বছরের পর বছর বিনা কারণে সাময়িক বরখাস্ত, সংযুক্তি, এন্ট্রি পদের নিচে পদাবনতি এবং সাময়িক বরখাস্তকালীন যাতায়াত ও ভরণপোষণ ভাতা বন্ধসহ নানাভাবে হয়রানি ও নিপীড়নের শিকার করা হয়েছে। এমনকি হজে যাওয়ার অনুমতিও বাতিল করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
বক্তব্যে আরও জানানো হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনার প্রেক্ষিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃপক্ষের আশ্বাস অনুযায়ী ইতোমধ্যে মানবেতর জীবনযাপনকারী ১৩০ জন নির্যাতিত বিদ্যুৎ কর্মীর আবেদন ও পিডিএস (Personal Discrimination Sheet) যথাযথভাবে বাপবিবো এবং বিদ্যুৎ বিভাগের মাননীয় সচিব বরাবরে দাখিল করা হয়েছে। তবে দুঃখজনকভাবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
সংবাদ সম্মেলনে দেশের অন্যান্য সরকারি সার্ভিসের ন্যায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের ওপর আরোপিত বৈষম্য নিরসনে আগামী ১৫ দিনের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করা হলে মানববন্ধন, মার্চ টু বাপবিবোসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে আহ্বায়ক জনাব স্বদেশ চন্দ্র সাহা রায় বৈষম্যের শিকার বিদ্যুৎ কর্মীদের ওপর সংঘটিত অন্যায়, অবিচার এবং এর ফলে সৃষ্ট গুরুতর আর্থ-সামাজিক সংকটের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের প্রশ্নের জবাব দেন প্রাক্তন জিএম জনাব গিয়াস উদ্দিন, ডিজিএম মোঃ মাহাবুবুল আলম চৌধুরী, মোঃ ছলিম উদ্দিন, সুভাষ ধর, রহমতে সোবহান, জুলাই যোদ্ধা লাইনম্যান আকরাম, আনিস, এইসি ময়নাল, আহত লাইনম্যান ওয়াদুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে আহ্বায়কসহ প্রাক্তন জিএম, ডিজিএম এবং বিভিন্ন স্তরের বৈষম্যের শিকার প্রায় অর্ধশত পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
Reporter Name 


















