
আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জকিগঞ্জ বাজার কমিটির সিনিয়র সহ-সভাপতি শামিম আহমদের বাড়িতে একদল সংঘবদ্ধ ডাকাত হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১১ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ভোর রাত আনুমানিক ৪:৩০ মিনিটের দিকে ৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল বারান্দার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরে থাকা সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে ফেলে এবং আলমারি ও আসবাবপত্র তছনছ করে লুটপাট চালায়।
শামিম আহমদের ছেলে রেদোয়ান আহমদ জানান, ঘটনার সময় তার বাবা পবিত্র উমরাহ পালনের জন্য সৌদি আরবের মক্কায় অবস্থান করছিলেন। তিনি বলেন, “ডাকাতরা আমাদের সবাইকে জিম্মি করে সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, ৭টি দামি মোবাইল ফোন এবং নগদ ১,৫০,০০০ টাকাসহ প্রায় ১১ লক্ষ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে।”
এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “গ্রামের একজন প্রতিষ্ঠিত সাবেক কাউন্সিলরের বাড়িতে যদি এমন ঘটনা ঘটে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমরা এখন নিজেদের ঘরে ঘুমাতেও ভয় পাচ্ছি।” তারা দ্রুত এই চক্রটিকে শনাক্ত করে গ্রেফতারের জন্য জকিগঞ্জ থানা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, লুট হওয়া মালামাল উদ্ধার এবং অপরাধীদের ধরতে তারা তৎপরতা চালাচ্ছে।
Reporter Name 
























