
ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদহ : মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সদস্যরা ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ অবৈধভাবে সীমান্ত পারাপারকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকায় একাধিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
পলিয়ানপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে সীমান্ত পিলার ৬০/২৬ আর হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের প্রাইমারি স্কুলের পেছনে মোঃ রহিমের ভুট্টা ক্ষেত থেকে নায়েব সুবেদার মোঃ ইকবাল তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
একইদিন রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩-এমপি হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোঃ মানিক মিয়ার আম বাগান থেকে হাবিলদার শ্রী ভবতোষ বিশ্বাসের নেতৃত্বে অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ ও ৫৪০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়াও জীবননগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে সীমান্ত পিলার ৬৯/১-এস হতে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডাঙ্গাপাড়া গ্রামের পাকা সড়ক থেকে সুবেদার মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৯৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে একইদিন দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে কুমিল্লাপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৭৪-আর হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনজিরাপাড়া গ্রামের মোঃ হাসানের বাঁশ বাগানের পাশে নিয়মিত টহলকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—জুড়ন চন্দ্র মন্ডল (৮০), পিতা মৃত কাঞ্চিরাম মন্ডল, গ্রাম লক্ষীপুর, থানা লক্ষীপুর, জেলা নড়াইল এবং এক নারী।
আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 


















