
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ৫ জানুয়ারি ২০২৬ তারিখে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাস্তুখোলা এলাকায় প্রফেসর রেজাউল করিমের বাড়িতে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপি প্রার্থীর উঠান বৈঠকও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে ভাঙ্গা পূর্ব সদরদী ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বৈঠকে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণ বিএনপির প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক ছিলেন এবং তাঁর আদর্শ ধারণ করেই বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বক্তারা দলীয় কর্মকাণ্ড আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শেষে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
Reporter Name 
























