
আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মোহাম্মদ আবুল হাসান স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। জকিগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে খেলাফত মজলিসের কার্যালয়ে বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুফতি আবুল হাসান বলেন, “বিগত ৩৫ বছর ধরে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব হিসেবে আমি এই জনপদের মানুষের সুখ-দুঃখের সাথে জড়িত। একজন সমাজ সচেতন নাগরিক হিসেবে এলাকার বঞ্চনা ও দুর্দশা আমাকে ব্যথিত করে। এই অবহেলিত জনপদের মানুষের অধিকার আদায়ে একটি সোচ্চার কণ্ঠস্বরের প্রয়োজনীয়তা অনুভব করেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।”তিনি আরও বলেন, “৩ জানুয়ারি জেলা রিটার্নিং অফিসার কর্তৃক আমার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। বর্তমানে জকিগঞ্জ ও কানাইঘাটের সাধারণ মানুষের মাঝে যে স্বতস্ফূর্ত জোয়ার দেখছি, তাতে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”
এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও পেশাগত সহযোগিতা কামনা করেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার প্রতিশ্রুতি দেন।
Reporter Name 


















