
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে ও সরইবাড়ি কবর স্থান ভিতরের দাঁড়িয়ে সড়কে পাশে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। ফলে প্রায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, সরইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার গ্রুপ ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। দুই দিন আগে কবির খানের পক্ষের লোকজন শহীদ খানকে মারধর করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র, ঢাল ও সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Reporter Name 






















