
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে ভাঙ্গা উপজেলা পৌরসভার ছিলাধরচর সদরদী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত নারীর নাম আলেয়া বেগম (৬৫)। তিনি মৃত শেখ রোকনের স্ত্রী। তার বাড়ি ছিলাধরচর সদরদী গ্রামের শাহসাহেব বাড়ির সংলগ্ন এলাকায়, শেখ ফরিদের বাড়ির পাশে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বসতবাড়ির সামনে গাঁজা বিক্রিরত অবস্থায় আলেয়া বেগমকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে আনুমানিক ৫০০ গ্রাম গাঁজা এবং বিক্রিত গাঁজার নগদ ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃত আলেয়া বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বুধবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Reporter Name 






















