
মো.রাসেল শেখ জেলা প্রতিনিধি: নড়াইল নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া তেমাথা মোড়ে বোমা সদৃশ্য একটি বস্তুর বিস্ফোরণে এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (আজ) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, আহত শিক্ষার্থীর নাম আলিফ শেখ (১০)। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বিস্ফোরণে আহত হওয়ার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তেমাথা মোড় এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। কৌতূহলবশত খেলার ছলে আলিফ ওই ব্যাগটি নাড়াচাড়া করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সে গুরুতরভাবে আহত হয় এবং মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখেন এবং প্রাথমিক আলামত সংগ্রহ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিস্ফোরিত বস্তুটি প্রকৃতপক্ষে বোমা নাকি অন্য কোনো বিস্ফোরক দ্রব্য—তা তদন্ত ও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে।
এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। জনবহুল এলাকায় এ ধরনের বিপজ্জনক বস্তু পড়ে থাকার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ওই বস্তুটি সেখানে রাখা হয়েছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 






















