
ক্রাইম রিপোর্টার জসিম হোসেন, ঝিনাইদহ: ঝিনাইদহ-৪ আসনে বিএনপি পরাজিত হলে তা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের পরাজয় বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি প্রচার সভায় এসব কথা বলেন তিনি।
রাশেদ খান বলেন, “আজ মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমরা একটি ঐক্যবদ্ধ বিএনপি দেখতে পাচ্ছি। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এখন সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। এই ঐক্য যদি বজায় থাকে, তাহলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না।”
তিনি আরও বলেন, “গ্রুপিংয়ের রাজনীতি দিয়ে দলের খুব বেশি লাভ হয় না। দলের ভেতরে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু প্রতিহিংসা থাকা চলবে না। প্রতিহিংসা রাজনীতি ধ্বংস করে দেয়।”
নেতাকর্মীদের উদ্দেশে রাশেদ খান বলেন, “ঝিনাইদহ-৪ আসনে বিএনপিকে পরাজিত করতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এই চক্রান্ত মোকাবিলার দায়িত্ব আপনাদের। যারা তারেক রহমানের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী রাজনীতি করছে, তাদের বিষয়ে সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। আপনারা কি তাদের জয়ী হতে দেবেন?”
তিনি দাবি করেন, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির বিজয় নিশ্চিত এবং এই আসনে বিজয়ের মধ্য দিয়েই দলের নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রমাণিত হবে।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 
























