
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় গরুবাহী পিকআপ ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে লুন্ঠিত টাকা ও মালামালসহ তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
রোববার দিবাগত রাতে প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার কদমতলী এলাকা থেকে দুইজন ডাকাতকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার ষোলঘর গ্রামের মো. ফারুক হোসেন (৩৮) এবং বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ভাঙ্গার মোড় জাহাপুর গ্রামের মো. শাহিন মাতুব্বর (২৭)।
জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ঢাকা মহানগরীর জুরাইন ও কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে ডাকাতি করা গরুর ক্রেতা মো. মোবারক হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়।
এ সময় তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকৃত দুইটি মাহিন্দ্রা পিকআপ উদ্ধার করা হয়। অভিযানে একটি জীবিত কালো রঙের ষাঁড় গরু, ডিপ ফ্রিজে সংরক্ষিত জবাই করা গরুর প্রায় ২৫ কেজি মাংস এবং গরু বিক্রির নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা স্বীকার করেন, ডাকাতি হওয়া গরুগুলোর মধ্যে দুইটি ইতোমধ্যে জবাই করে বিক্রি করা হয়েছে।
ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু জানান, গত ২০ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পাবনা থেকে মাদারীপুরের টেকেরহাটগামী একটি পিকআপ ভ্যানে করে গরু পরিবহন করছিলেন ব্যবসায়ীরা। গাড়িটি ভাঙ্গা থানাধীন প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে ফরিদপুর–বরিশাল মহাসড়ক অতিক্রমকালে একদল ডাকাত গরুসহ পিকআপটি ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনায় ২৫ জানুয়ারি ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তিনজন ডাকাতকে গ্রেফতার করে। তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Reporter Name 


















