
হারুন অর রশীদ, স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৮ জানুয়ারি) কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুল বারী।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিটে উদয়পুর ইউনিয়নের বাইগুনী এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন তিনি। প্রার্থীর নির্বাচনী কার্যালয় সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই কর্মসূচিতে মোট ৩১টি নির্ধারিত স্পটে পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
সকাল থেকে বাঘইল, ধুনট, উদয়পুর, বাঁশিলাপাড়া ও জামুড়া এলাকায় ধারাবাহিকভাবে প্রচারণা চালান আব্দুল বারী। এসব স্থানে আয়োজিত পথসভাগুলোতে ধানের শীষের পক্ষে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রচারণা চলাকালে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নির্ধারিত সূচি অনুযায়ী মধ্যাহ্ন বিরতির পর বিকেল থেকে শেখপুর, শ্রীপুর, টেচুরিয়া ও পাইকপাড়া এলাকায় গণসংযোগ অব্যাহত চলমান। বিকেল ৫টায় দুর্গাপুর এলাকায় সমাপনী পথসভার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন।
গণসংযোগকালে আব্দুল বারী ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। এ সময় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্থানীয় ভোটাররা জানান, প্রার্থীর সরাসরি উপস্থিতি নির্বাচনী মাঠকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সময় যত ঘনিয়ে আসছে জয়পুরহাট-২ আসনের লড়াই ততই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে।
ইউনিয়নভিত্তিক এই গণসংযোগ ভোটারদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।
Reporter Name 


















