
আশাহীদ আলী আশা।। ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলিমুল আমিন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ১৭ আর্টিলারি ব্রিগেড কমান্ডার, সেক্টর কমান্ডার বিজিবি, ক্যাপ্টেন, সেনাবাহিনী ও বিজিবি, সেনা ক্যাম্প কমান্ডার এবং জেলা প্রশাসক, মৌলভীবাজার, সামরিক ও বেসামরিক বিভাগের বিভিন্ন কর্মকর্তা।মতবিনিময় সভায় আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, আন্তঃসংস্থা সমন্বয় এবং দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে নির্বাচনকালীন সংবিধান ও আইন অনুসারে দায়িত্ব পালনের গুরুত্বের উপর জোর দেন এবং সকল প্রকার অপপ্রচার ও বিশৃঙ্খলা প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান।সভার শেষে, অংশগ্রহণকারীরা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Reporter Name 
























