
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ (ভাঙ্গা,সদরপুর ও চরভদ্রাসন) আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুর -৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল।
শুক্রবার(৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় সদরপুর উপজেলায় তার নিজ নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম খান বাবুল অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। গত ১লা ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বেগ তার কর্মীদের ওপর হামলা ও হুমকির অভিযোগ তুললেও বাস্তবে নির্বাচনী মাঠে কোনো ধরনের সহিংসতা বা হানাহানি কিংবা রক্তপাতের কোনো ঘটনা ঘটেনি। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত মুজাহিদ বেগ বা তার কোনো কর্মীর শরীরে নখের আঁচড় পর্যন্ত লাগেনি বলেও তিনি দাবি করেন। এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নির্বাচনকে বিতর্কিত করা ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিতভাবে মিথ্যা হামলার অভিযোগ তুলে প্রোপাগান্ডা চালানো হচ্ছে।
তিনি আরো বলেন, নিক্সন চৌধুরীর সহযোগিতায় কালো টাকা ব্যবহার করছেন মুজাহিদ বেগ । মুজাহিদ বেগ ও তার সমর্থকরা রাতের আঁধারে গাড়িবহর নিয়ে এলাকায় ঘোরাফেরা করছেন এবং ভয়ভীতি ও প্রলোভনের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এসব কর্মকাণ্ডে নিক্সন চৌধুরীর কয়েকজন সহযোগী জড়িত বলেও অভিযোগ করা হয়।
এ সময় বক্তারা মুজাহিদ বেগের বক্তব্যের স্ববিরোধিতার বিষয় তুলে ধরে বলেন, একদিকে তিনি প্রশাসনের ভূমিকার প্রশংসা করে গ্রেফতার না হওয়ার কথা বলছেন, অন্যদিকে একই সঙ্গে নির্বাচনকে ‘ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন’ বলে আখ্যায়িত করছেন—যা পরস্পরবিরোধী বক্তব্য।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মুজাহিদ বেগের ভাই পানু বেগ প্রকাশ্যে ইয়াকুব চেয়ারম্যানকে হত্যার হুমকি দিয়েছেন এবং এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টির চেষ্টা করছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।
এসময় তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, নিরপেক্ষ ভূমিকা পালন করে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।
Reporter Name 
























