
ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) নির্বাচনকে ঘিরে প্রচারণা দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচনী মাঠে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা ভোটারদের মধ্যে আগ্রহ ও উত্তেজনা বাড়িয়ে তুলেছে। মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনজন।
এই তিনজন হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সরোয়ার হোসেন (দাঁড়িপাল্লা) এবং স্বতন্ত্র প্রার্থী স্থপতি এ এ এম মুজাহিদ বেগ (ফুটবল)। এদের মধ্যে এলাকায় সরাসরি জনসংযোগ ও গণসংযোগে সবচেয়ে বেশি সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।
এছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী ও কালামৃধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান কালু (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ইসহাক চোকদার (হাতপাখা), জাতীয় পার্টির রায়হান জামিল (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মজিবুর হোসেইন (ঘোড়া প্রতীক)।
ইতোমধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
নির্বাচনী মাঠে প্রার্থীরা উঠান বৈঠক, সভা-মিছিল ও ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। চারদিকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটাররা প্রতিটি প্রার্থীর কর্মকাণ্ড, প্রতিশ্রুতি ও রাজনৈতিক প্রভাব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহের জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও গ্রাম পুলিশসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ফরিদপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯০ হাজার ৯৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৯ হাজার ৫৭৩ জন, মহিলা ভোটার ২ লাখ ৪১ হাজার ৪০৩ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন। উপজেলাভিত্তিক হিসেবে ভাঙ্গায় ২ লাখ ৪৮ হাজার ৮১৬ জন, সদরপুরে ১ লাখ ৭৬ হাজার ২৬৩ জন এবং চরভদ্রাসনে ৬৫ হাজার ৮৯৮ জন ভোটার রয়েছেন।
Reporter Name 
























