
মোঃআনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি: শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি’র দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত জনসভায় স্বাগত বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি।
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুরস্কের তুকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাকসুর নির্বাচিত জিএস আব্দুল আলিম আরিফ।
জনসভায় নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেনসহ বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের অর্ধশত নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পরে যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
আলোচনা শেষে গণমিছিল নালিতাবাড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জনসভা ও মিছিলে উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সহ হাজারো জনতা অংশ নেন।
Reporter Name 






















