
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন তিন প্রার্থী।
বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শহিদুল ইসলাম বাবুল আজ সকাল ৯টা ১৫ মিনিটে সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬নং কক্ষে ভোট প্রদান করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ভোট প্রদান শেষে তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন।
অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সরোয়ার হোসাইন (দাঁড়িপাল্লা প্রতীক) আজ সকাল ৭টা ৪০ মিনিটে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পাঁচকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়া চরভদ্রাসন সুলতানপুরে নিজ কেন্দ্রে তার ভোট প্রদান করেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, “জনগণের রায়ই হবে আগামীর পথনির্দেশ। সিদ্ধান্ত নেবে মানুষ, বিজয় হবে বিবেকের।”
সরজমিনে গিয়ে দেখা যায় নির্বাচনকে ঘিরে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
Reporter Name 






















