
সৈয়দ মোজ্জাফর আলী, সিলেট থেকে: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা। বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি জামায়াত নেতৃত্বাধীন জোটের শরীক খেলাফত মজলিসের প্রার্থী মুহা. মুনতাসির আলীকে প্রায় ৮০ হাজার ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।
নির্বাচনী এজেন্ট ও সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা গেছে, আসনের ১২৮টি ভোটকেন্দ্রের সবকটির ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীক নিয়ে লুনা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট। অন্যদিকে দেয়ালঘড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা মুহা. মুনতাসির আলী পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৭৯ হাজার ২৫১।
এ জয়কে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ‘রাজনৈতিক প্রত্যাবর্তনের বড় বার্তা’ হিসেবে দেখছেন। দীর্ঘদিন নিখোঁজ থাকা ইলিয়াস আলীর পরিবারের প্রতি সহানুভূতি ও সাংগঠনিক প্রস্তুতির সমন্বয়ে এ বিজয় এসেছে বলে দলীয় সূত্রের দাবি।
ভোট গণনা শেষে বিশ্বনাথ ও ওসমানীনগর এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।
বিশ্লেষকরা বলছেন, সিলেট-২ আসনে এ ফলাফল শুধু একটি নির্বাচনী জয় নয়, বরং স্থানীয় রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।
Reporter Name 
























