
বেলাল হোসেন, জয়পুরহাট: জয়পুরহাটে আলু ব্যবসার নামে প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় স্বঘোষিত যুবদল নেতা রাজু আহমেদ বর্তমানে বগুড়া জেলা কারাগারে রয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। বিষয়টি সদর কোর্টের পেশকার ফজলুর রহমান নিশ্চিত করেছেন।
মামলা নম্বর ১৫২/২৬ (সিআর) এর এজাহার সূত্রে জানা যায়, রাজু আহমেদ (৩৭) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কৃষ্ণনগর গ্রামের তোজাম্মেলের ছেলে। তিনি নিজেকে আলু ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে বাদীর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলেন। পরে নওটিকা মুন্নি চৌধুরী হিমাগার লিমিটেডে সংরক্ষিত আলু বিক্রির প্রস্তাব দেন।
অভিযোগে বলা হয়েছে, চুক্তিপত্র ও মেমোর মাধ্যমে ১,২৩২ বস্তা আলু বস্তাপ্রতি ১,২৫০ টাকা হিসেবে বিক্রির নামে মোট ১৫ লাখ ৪০ হাজার টাকা গ্রহণ করা হয়। টাকা পরিশোধের পর বাদীকে জানানো হয় আলুগুলো হিমাগারে সংরক্ষিত থাকবে। কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, আলু আগেই বিক্রি হয়ে গেছে এবং বিক্রির অর্থ রাজু আহমেদের কাছে রয়েছে।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট হিমাগারের ম্যানেজার ও সহকারী ম্যানেজার (২ ও ৩ নম্বর আসামি) এ ঘটনায় সহযোগিতা করেছেন। টাকা ফেরত চাইলে বাদীকে প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
বগুড়ার সাতমাথা এলাকায় এক বৈঠকে টাকা ফেরতের দাবি জানানো হলে আসামিরা তা অস্বীকার করেন। এরপর বাদী আদালতে মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০২(২) ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী শাহ আলম বলেন, অভিযুক্ত ব্যক্তি ব্যবসার আড়ালে প্রতারণা করেছেন এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন। তিনি দ্রুত টাকা ফেরত ও সুষ্ঠু বিচার দাবি করেন।
বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
Reporter Name 






















