
আব্দুস শহীদ শাকির,জকিগঞ্জ সিলেট প্রতিনিধি: সিলেটের রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন বিশিষ্ট আলেম মাওলানা আবুল হাসান। দীর্ঘদিনের ধর্মীয় নেতৃত্ব এবং শিক্ষা সেবার গণ্ডি পেরিয়ে এবার তিনি পা রাখছেন জাতীয় সংসদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে বেসরকারিভাবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন তিনি।স্থানীয়ভাবে ‘জকিগঞ্জী’ নামে পরিচিত এই আলেমের বিজয়কে কেন্দ্র করে পুরো সিলেটজুড়ে বইছে আনন্দের জোয়ার। মসজিদের মিম্বর থেকে সরাসরি জাতীয় সংসদ ভবনে যাওয়ার এই যাত্রাটিকে এলাকার মানুষ দেখছেন একটি ‘ব্যতিক্রমী রাজনৈতিক উত্থান’ হিসেবে।সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের মাঝর গ্রামের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন আবুল হাসান। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এই মানুষটি শৈশব থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি অনুরাগী ছিলেন। সততা ও নিষ্ঠার কারণে খুব অল্প সময়েই তিনি নিজ এলাকায় সর্বজনশ্রদ্ধেয় হয়ে ওঠেন।মাওলানা আবুল হাসান দীর্ঘদিন ধরে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতি জুম্মায় তার গঠনমূলক ও ধর্মীয় দিকনির্দেশনামূলক বয়ান স্থানীয় মুসল্লিদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করেছে। এর বাইরেও তিনি জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মোহাম্মদীয়া লামাগ্রাম মাদ্রাসায় শায়খুল হাদীস হিসেবে নিয়োজিত থেকে কয়েক প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিচ্ছেন।নির্বাচনী ফলাফল ঘোষণার পর তার সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। স্থানীয় ভোটারদের মতে, আবুল হাসানের দীর্ঘদিনের সমাজসেবা, ধর্মীয় মূল্যবোধ এবং সাধারণ মানুষের সঙ্গে তার সরাসরি যোগাযোগই এই বিজয়ের মূল চাবিকাঠি। সচেতন মহল মনে করছে,তিনি ধর্মীয় ও শিক্ষা অঙ্গনের অভিজ্ঞাতা কাজে লাগিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন।তার একজন মুসল্লী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, আমরা আশাবাদী তিনি সংসদের জকিগঞ্জ-কানাইঘাটের অবহেলিত মানুষের কণ্ঠস্বর হিসেবে সংসদে কথা বলবেন।আরও একজন বলেন, “আমরা এমন একজন প্রতিনিধি চেয়েছিলাম যিনি আমাদের নৈতিক ও সামাজিক উন্নয়ন উভয় দিকেই খেয়াল রাখবেন। আবুল হাসান সাহেব ঠিক তেমনই একজন মানুষ।” বেসরকারি ফলাফলে বিজয়ী হওয়ার পর মুফতি আবুল হাসান আবুল হাসান তার প্রতিক্রিয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং জকিগঞ্জ-কানাইঘাটের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের সেবাই হবে তার প্রধান লক্ষ্য।
Reporter Name 
























