
মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক কিশোরীর আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামে অপরূপা মন্ডল (১৭) নামে এক কিশোরী পারিবারিক মান-অভিমানের জেরে বিষপান করে। সে একই গ্রামের বাবলু মন্ডল ও মিনারানী মন্ডলের মেয়ে। অপ অপরূপা হাই স্কুলের নবম শ্রেণীতে পড়াশোনা করতো ।
পরিবারের সদস্যরা জানান, রসুন ক্ষেতে ব্যবহৃত লাল ও সাদা সার পান করার পর সকাল আনুমানিক ১০টার দিকে তাকে ঘরের সিঁড়ির ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে প্রথমে সদরপুর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় গ্রাম পুলিশ গোলাম রাব্বানী জানান, সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং পরিবারের সদস্যদের মাধ্যমে বিষপানের বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
Reporter Name 






















