
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের পিরেরচর বাজারের টিটুল শেখের স’মিলে আগুন লেগে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে স’মিলের ঘর, মেশিন ও রক্ষিত কাঠ পুড়ে গেছে।
এলাকাবাসী জানান, রবিবার ভোর আনুমানিক ৪টার দিকে অন্ধকারে কে বা কারা এ স’মিলে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় এক পথচারী প্রথমে আগুন দেখতে পেয়ে বিষয়টি জানালে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
টিটুল শেখ অভিযোগ করেন, পার্শ্ববর্তী নিজাম মুন্সির সঙ্গে গাছ ফেলা নিয়ে তার পূর্ব শত্রুতা ছিল। প্রায় ১৫–২০ দিন আগে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হলেও সেই ঘটনার জেরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
এ ঘটনায় দোকানের মালামালসহ প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভাঙ্গা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আবু জাফর জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 






















