
ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের একদিন পর তাবাসসুম (৫) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। সে মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। বর্তমানে পরিবারসহ কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিল।
শিশুটির বাবা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন এবং মা হালিমা খাতুন একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন। নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকালে বাদুরগাছা গ্রামের এক কৃষক বিদ্যালয়ের পেছন দিয়ে মাঠে যাওয়ার সময় একটি রক্তাক্ত বস্তা দেখতে পান। সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Reporter Name 


















