
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামে ছেলের মারধরের অপমান সইতে না পেরে হামেদ বেপারী (৫৫) নামে এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভদ্রকান্দা গ্রামের বাসিন্দা হামেদ বেপারীর ছেলে হোচেন বেপারী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় হামেদ বেপারী বাড়িতে একটি বিল্ডিং নির্মাণ করেন। পরে হোসেন বেপারী দেশে ফিরে এসে পারিবারিক বিষয় নিয়ে বাবা-মায়ের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেন। পরে তারা অন্য এক ছেলের বাড়িতে গিয়ে বসবাস শুরু করেন।
স্থানীয়রা আরো বলেন, গত শুক্রবার হামেদ বেপারী এর ছেলের কাছে কিছু টাকা চাইতে গেলে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ছেলে হোচেন বেপারী তার পিতা হামেদ বেপারীকে মারধর করেন।
মারধর ও অপমান সহ্য করতে না পেরে হামেদ বেপারী নিজ ঘরে গিয়ে গত শুক্রবার বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ আব্দুল আলীম জানান, ভদ্রকান্দা গ্রামে বিষপান করার পর গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় নেওয়া হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে তারা খবর পেয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
Reporter Name 






















