
শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খননের মধ্য দিয়ে সারাদেশে খাল খনন কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলে ঘোষণা করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এমপি।
রবিবার (দুপুর ১২টায়) উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর সাহাপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে তিনি খাল খননের অগ্রগতি ও চলমান কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি গুণগত মান বজায় রাখার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এবং দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং দিনাজপুর জেলার পুলিশ সুপার জেদান আল মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি জানান, আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন।
সংশ্লিষ্টরা জানান, খাল খনন প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Reporter Name 


















