
হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার :জয়পুরহাটের কালাই উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কালাই উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচারসুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে নারী দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে মাহফুজা খাতুন বলেন, নারী কারো বোঝা নয়। নিজেদের অধিকার আদায়ে নারীদের সচেতন ও এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহের মতো সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাবরক্ষক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা। তিনি বলেন, নিজের ভাগ্য নিজেকেই পরিবর্তন করতে হবে।
পুরুষরা নারীর প্রতিযোগী নয়, বরং সহযোগী। ছেলে সন্তান যেমন সম্পদ, তেমনি মেয়ে সন্তানও সমানভাবে পরিবারের সম্পদ। মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা এবং তাদের সমান মর্যাদা দেওয়া প্রতিটি বাবা-মায়ের দায়িত্ব। এতে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং দেশের উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ সমাজের একটি ভয়াবহ সমস্যা। এ সমস্যা রোধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, কালাই থানার তদন্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর দীপেন্দ্র নাথ সিংহ, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, আতাহার জ্যোতি মহিলা সমিতির সভাপতি হাবিবা জাহান জার্সিয়া এবং মাদাই নূর মহিলা সমিতির সভাপতি নাসিমা খানমসহ অন্যান্যরা।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক ও জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, উপজেলার বিভিন্ন মহিলা সমিতির সভাপতি ও সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Reporter Name 


















