
বিকাল বার্তা ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতে আটক করা হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ শনিবার (৭ মার্চ) গভীর রাতে সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠান।
ভারতের সংবাদ সংস্থা এএনআই এবং পশ্চিমবঙ্গের প্রভাবশালী গণমাধ্যম ‘এই সময়’ও তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
গোয়েন্দা সূত্র জানায়, সম্প্রতি ডিজিএফআইয়ের নবনিযুক্ত মহাপরিচালক ভারত সফরকালে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। সে সময় শহীদ ওসমান হাদি হত্যা মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধীকে শনাক্ত করে গ্রেপ্তার এবং বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সহযোগিতা কামনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে আটক করতে সক্ষম হয়।
সূত্র আরও জানায়, হত্যাকাণ্ডের পর ফয়সাল ও আলমগীর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে সুযোগ বুঝে আবার বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় অবস্থান নিলে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের আটক করে।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় জুমার নামাজ শেষে গণসংযোগ করে ফেরার পথে মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে ভারতে আটক ফয়সাল ও আলমগীরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Reporter Name 


















