
রানা খান,শ্রীপুর,গাজীপুর,প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছে।
অগ্নিদগ্ধরা হলেন রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। তাদের আলহেরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১০:৩০টার দিকে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায়, শ্রীপুর রোডে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেকে) পাঠানো হয়েছে।
এ সময় আশপাশের শপিং মলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শত শত মানুষ ছোটাছুটি করে যাওয়ার সময় পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে।
মাওনা পাইকারি মার্কেটের ব্যবসায়ী মিন্টু জানান, হঠাৎ করে বিকট শব্দে একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের ফুলকি ছিটকে গিয়ে কয়েকজন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক ট্রান্সফর্মার গুলো অনেক পুরোনো হয়ে থাকতে পারে। যদি নিয়মিত তদারকি করা হতো, তাহলে এই দুর্ঘটনা নাও ঘটতে পারতো।
আলহেরা হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসেন বলেন, অগ্নিদগ্ধ তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনে ফুলকি ছিটকে কয়েকজন আহত হয়েছে। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
আগুন পাশের তিনতলা ভবনে ছড়িয়ে পড়ে কয়েকটি দোকানপাটের মালপত্র পুড়ে গেছে।
Reporter Name 


















