
ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন ঝিনাইদহ। ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় রিলিফের কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকাল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে উপজেলার ১নং ভায়না ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের সামনে রিলিফের কার্ড বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের নেতাকর্মীরা আহত হন।
প্রথম পক্ষের আহতরা হলেন— ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম (৫০), মাসুম (৩০), নাসিরুল (৩০), হামিদুর রহমান (৩০), সানোয়ার (৩০), সেলিম রেজা (৫৫) ও নাজির (৪৫)। এদের মধ্যে মাসুমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে দ্বিতীয় পক্ষের আহতরা হলেন— ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম (৫৫), হোসেন (৬৫), লিটন (৪২), ফারুক (২৮), মামুন (৩৬), আজিজুল (৬৫) ও বাবুল (৩৬)। আহতদের মধ্যে লিটনের অবস্থাও গুরুতর হওয়ায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা সবাই উপজেলার ভায়না ইউনিয়নের বাকচুয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রিলিফের কার্ড ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার বিকেলে কার্ড বিতরণের সময় সেই বিরোধকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।
তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
Reporter Name 


















