
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ভাঙ্গা পৌরসভার কৈডুবী বাসস্ট্যান্ড এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। প্রতিবন্ধী মিজানুর রহমানের শেষ সম্বলটুকু প্রভাবশালী মহল জোরপূর্বক কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের কইডুবি সদরদী গ্রামে প্রতিপক্ষের দ্বারা ৪ সন্তানের জনক এক প্রতিবন্ধী যুবকের দোকান ঘর ভেঙে দখল করার অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান ঘটনার বিস্তারিত তুলে ধরে মঙ্গলবার বিকেলে ৩টার দিকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয় উপজেলার ৭ নং ওয়ার্ড কইডুবি সদরদী গ্রামের ঢাকা- বরিশাল মহাসড়ক সংলগ্ন সরকারি জায়গায় হতদরিদ্র প্রতিবন্ধী মিজানুর রহমান একটি মুদি দোকান পরিচালনা করে আসছিলেন। কিন্ত সম্প্রতি একই গ্রামের সাবেক কাউন্সিলার জাহিদ ফকির, নাহিদ ফকির গংরা ওই জায়গাটির উপর লোলুপ দৃষ্টি পড়লে মুদি দোকানদার মিজানুর রহমানকে দোকানটি ভেঙ্গে ফেলার জন্য বলে।এক পর্যায়ে সোমবার বিকেলে জাহিদ গংরা সংঘবদ্ধভাবে হতদরিদ্রের দোকান ঘরটি ভেঙে গুড়িয়ে দিয়ে মালামাল নিয়ে যায়। এ সময় বাধা দিলে মিজানুর ও তার পরিবারকে বেধড়ক মারধর করে।
এ ঘটনায় মঙ্গলবার প্রতিকার চেয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দিলে মঙ্গলবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে যায়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় মিজানুর নিজেও একজন প্রতিবন্ধী এবং তার ৪ প্রতিবন্ধী সন্তান নিয়ে মুদি দোকান পরিচালনা করে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। হঠাৎ তার উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তার স্ত্রী সোনিয়া, পিতা কুদ্দুস মোল্লা, ২ প্রতিবন্ধী পুত্র মোস্তাকিম ইসলাম ও ইসমাইল।
এ সময় উপস্থিত গ্রামবাসীরাও প্রতিবন্ধীর দোকান উচ্ছেদের প্রতিবাদ জানান। এদিকে এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পর ভাঙ্গা থানার এ,এস,আই মোঃ ডালিম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন,অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার ব্যাপারে অভিযুক্ত জাহিদ ফকিরের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Reporter Name 


















