
স্টাফ রিপোর্টার আমিন: কক্সবাজারের উখিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে অপহৃত এক যুবককে উদ্ধার করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই উদ্ধার অভিযানে সফল হওয়ায় উখিয়া থানা পুলিশের প্রশংসা করেছেন স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ ) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে উখিয়ার কুতুপালং বাজার সংলগ্ন এলাকা থেকে অপহৃত মোহাম্মদ ইমন হাওলাদারকে উদ্ধার করা হয়। তিনি বরিশাল জেলার গৌরনদী থানার গজারিয়া বোয়ালিয়া এলাকার বাসিন্দা এবং ইনানী সমুদ্র সৈকতে পাইপ পিটারের কাজ করতেন।
জানা গেছে, গত ১৬ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে তিনি অপহরণের শিকার হন। এ ঘটনায় ১৮ মার্চ উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯১২) দায়ের করা হলে বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে অভিযান শুরু করে পুলিশ।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমানের নির্দেশনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) স্বদেশ বিশ্বাসের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অল্প সময়ের মধ্যেই অপহৃত ব্যক্তির অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত ইমন হাওলাদারকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা পুলিশের দ্রুত পদক্ষেপ ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন। তারা বলেন, এমন কার্যকর উদ্যোগে জনমনে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে এবং অপরাধ দমনে ইতিবাচক প্রভাব ফেলছে।
উখিয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অপহরণসহ সকল অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।
Reporter Name 


















