
বিশেষ প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতরের দিন রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া দুই বছরের শিশু কাজী ফুজাইলকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এ ঘটনায় মূল অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল অপহৃত শিশুকে উদ্ধারে দ্রুত অভিযান চালায়।
ঘটনাটি ঘটে গত ২১ মার্চ ২০২৬, ঈদের দিন দুপুরে। রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকার বাসিন্দা মোঃ মাজহারুল ইসলামের দুই বছর বয়সী ছেলে কাজী ফুজাইল অসুস্থ নানাকে দেখতে মা ও খালার সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ যায়। দুপুর আনুমানিক ২টা ৫৮ মিনিটে শিশুটিকে আর খুঁজে পাওয়া যায় না।
পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হলে শিশুটির বাবা ঘটনাস্থলে আসেন। পরে বিকাল ৪টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে ৩ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং রাত ৯টা ৩২ মিনিটে ৫০ হাজার টাকা অগ্রিম দিতে বলে। এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় ২২ মার্চ ২০২৬ ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকা থেকে এমএম তানভীর (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তানভীরের কাছ থেকেই অপহৃত শিশু কাজী ফুজাইলকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি হাসপাতাল থেকেই শিশুটিকে অপহরণ করে এবং পরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে পরিবারের সঙ্গে যোগাযোগ করে। শিশুটি মায়ের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করলে তাকে বিভিন্ন খেলনা ও খাবার দিয়ে শান্ত রাখার চেষ্টা করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 


















