
স্টাফ রিপোর্টার: নবীগঞ্জ উপজেলার উন্নয়নে নতুন আশার আলো দেখাচ্ছেন সমাজসেবক আশরাফ উদ্দিন। তাঁর দীর্ঘদিনের প্রচেষ্টা ও নিরলস তদবিরের ফলস্বরূপ ইনাতগঞ্জ থেকে মার্কুলী পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ প্রকল্পটি একনেক সভায় অনুমোদন পেয়েছে।
জানা গেছে, গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন লাভ করে। এই প্রকল্পের আওতায় একটি আধুনিক সেতুসহ পূর্ণাঙ্গ সড়ক নির্মাণ করা হবে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ কোটি টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইনাতগঞ্জ-মার্কুলী সড়কটি জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। বর্ষা মৌসুমে চলাচল প্রায় অচল হয়ে পড়ত, ফলে এলাকার সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হতো। শিক্ষার্থী, ব্যবসায়ী এবং রোগী পরিবহনসহ নিত্যপ্রয়োজনীয় কাজে মানুষকে বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করতে হতো।
এ প্রেক্ষাপটে সমাজসেবক আশরাফ উদ্দিন বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর ধারাবাহিক প্রচেষ্টার ফলেই প্রকল্পটি একনেকে অনুমোদন পায় বলে স্থানীয়রা মনে করছেন।
এ বিষয়ে এলাকাবাসী জানান, “এই সড়ক ও সেতু নির্মাণ হলে নবীগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষাখাতে ইতিবাচক প্রভাব পড়বে।”
বিশ্লেষকরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ইনাতগঞ্জ থেকে মার্কুলী পর্যন্ত যাতায়াত সহজ ও দ্রুত হবে, যা স্থানীয় অর্থনীতিকে গতিশীল করবে।
উল্লেখ্য, উন্নয়নমুখী বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় আশরাফ উদ্দিন ইতোমধ্যে এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছেন। স্থানীয়দের আশা, ভবিষ্যতেও তিনি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখবেন।
Reporter Name 


















