
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অটোরিকশা চালকের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত দেশীঅস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আজিমনগর ইউনিয়নের পুলিয়া গ্রামের মোস্তফা আকন্দের ছেলে মেহেদী আকন্দ (২৪), সলিলদিয়া গ্রামের টিপু মাতুব্বরের ছেলে তামিম মাতুব্বর (২২) এবং একই এলাকার সবুজ তালুকদারের ছেলে বায়েজিদ তালুকদার (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাঙ্গালপাশা গ্রামের অটোরিকশা চালক সাগর মাতুব্বর (১৯) শুক্রবার (২৭ মার্চ) সকালে মালিগ্রাম বাজার স্ট্যান্ড থেকে যাত্রী তুলেন। এ সময় মেহেদী আকন্দসহ তিনজন যাত্রী সেজে তার অটোরিকশায় ওঠে এবং পুলিয়া যাওয়ার কথা বলে।
পরে চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া ব্রিজ সংলগ্ন সার্ভিস রোডে পৌঁছালে তারা চালকের গলায় চাকু ধরে এবং ছোরা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে চালকের কাছ থেকে নগদ ১,২৩০ টাকা এবং প্রায় ৬ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ সময় তারা অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করলে চালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগী সাগর মাতুব্বর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ভাঙ্গা থানার এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পরে মেহেদী আকন্দকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই সহযোগীকেও আটক করা হয়।
গ্রেফতারের সময় মেহেদীর কাছ থেকে একটি চাকু এবং তার দেখানো মতে ঘরের খাটের তোষকের নিচ থেকে আরও দুটি ছোরা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভাঙ্গা থানায় -২৮ মার্চ একটি মামলা দায়ের করা হয়েছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ দুপুরে তাদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হবে।
Reporter Name 


















