
মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ মাঠজুড়ে সরিষার হলুদ আভা আর কৃষকের ঘরে সোনালি ফসলের স্বপ্ন নিয়ে রংপুরের কাউনিয়ায় ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবারের প্রণোদনা কর্মসূচির আওতায় ১৪০ জন সরিষা চাষিকে ১ কেজি করে সরিষার বীজ এবং ১০ জন হলুদ চাষিকে ১০০ কেজি করে হলুদের বীজ প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি কৃষককে বিশেষ সহায়তা হিসেবে ৫ কেজি এমওপি ও ৫ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে। সরকারের এই বিশেষ উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ে সরিষা ও হলুদের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এই প্রণোদনা প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আনবে এবং আধুনিক কৃষি প্রযুক্তিতে তাদের আরও উৎসাহিত করবে।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মল্লিকা রানী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আইয়ুব আলী, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খাইরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুন্নবী ও তোফাজ্জল হোসেনসহ কৃষি বিভাগের স্থানীয় কর্মকর্তারা। বক্তারা আশা প্রকাশ করেন, সঠিক সময়ে উন্নত মানের এই বীজ ও সার পাওয়ায় উপজেলায় রবি শস্যের বাম্পার ফলন নিশ্চিত হবে।
Reporter Name 


















