
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করে ক্রেতাদের ঠকানোর অভিযোগে ফরিদপুরের ভাঙ্গায় মোবাইল কোর্টের অভিযানে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম।
অভিযান সূত্রে জানা যায়, ব্যবসায়ী আলমগীর বিলুয়া দীর্ঘদিন ধরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করছিলেন এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা ঘটনাস্থলেই তার কাছ থেকে আদায় করা হয়।
অভিযান চলাকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও কঠোরভাবে সতর্ক করা হয়, যেন কেউ অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি না করেন।
এ সময় ভাঙ্গা থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে এবং কোনো অনিয়মই কোনো ছাড় পাবে না।
Reporter Name 


















