
মন্জরুল আহসান শামীম: স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় জ্বালানি তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন মোটরসাইকেল চালকরা। সড়ক পরিবহন আইন অমান্য ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বেশ কয়েকজন চালককে আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার ‘মা সুফিয়া ফিলিং স্টেশনে’ এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা।
জানা যায়, সকালে ফিলিং স্টেশনে তেল সংগ্রহ করতে আসা মোটরসাইকেলগুলোর কাগজপত্র যাচাই-বাছাই শুরু করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনেক চালকের ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন না থাকায় ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৬৪ ধারায় তাদের তাৎক্ষণিক জরিমানা করা হয়। আকস্মিক এই অভিযানে চালকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা সাংবাদিকদের জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং চালকদের মধ্যে আইনগত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই তদারকি চালানো হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল এবং কাউনিয়া থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
Reporter Name 


















