
মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ভাঙ্গা থানার এএসআই (নিঃ) মোঃ আতাউর রহমান কৃষকের ছদ্মবেশ ধারণ করে সফলভাবে এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামিকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী নানা কৌশল গ্রহণ করছিল। এরই অংশ হিসেবে এএসআই আতাউর রহমান কৃষকের বেশে গোপনে এলাকায় অবস্থান নেন। পরে সুযোগ বুঝে তিনি কৌশলে আসামিকে শনাক্ত করে আটক করতে সক্ষম হন।
ঘটনার সময় উপস্থিত স্থানীয়রা পুলিশের এমন অভিনব কৌশল দেখে বিস্মিত হন। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল—গ্রেফতারের পর আসামি ও পুলিশের মুখেই হাসি দেখা যায়। ধারণা করা হচ্ছে, কোনো ধরনের সংঘর্ষ বা উত্তেজনা ছাড়াই শান্তিপূর্ণভাবে গ্রেফতার হওয়ায় উভয় পক্ষই স্বস্তি প্রকাশ করেন।
পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভাঙ্গা থানায় কর্মরত এসআই মোঃ আফজাল হোসাইন ও এএসআই মোঃ আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ভাঙ্গা থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ভাঙ্গা থানাধীন পশ্চিম হাসামদিয়া এলাকা থেকে ভাঙ্গা জিআর-৩২৪/২৪ মামলার (মামলা নং-০৫, তারিখ: ০৪/০৯/২০২৪, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড) গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ কাউছার শেখ (৩৫), পিতা-মৃত দাউদ শেখকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে প্রয়োজন অনুযায়ী এমন কৌশলগত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 


















