
মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর–বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহ ফরিদ পরিবহনের একটি মাদারীপুরগামী যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী তরমুজবোঝাই একটি পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা (৩৭) নিহত হন। পরে ঢাকা নেওয়ার পথে আলমগীর শেখ (৪৫) মারা যান। নিহতরা ভাঙ্গা উপজেলার পৌরসভা কৈডুবী সদরদী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। জাহাঙ্গীর মোল্লা ফল ব্যবসায়ী ছিলেন এবং আলমগীর শেখ একই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আহত হন অন্তত ৩০ জন যাত্রী। স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 


















