
মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সহকারী শিক্ষক মাওলানা আলমগীর হোসেন, আব্দুল হাই আল হাদী, সেলিম চৌধুরী শান্ত ও হাফেজ নূরুল আমিন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ ও অনুভূতি ব্যক্ত করেন পরীক্ষার্থী রেজাউল করিম, রাদিয়াতুল জান্নাত রিয়া ও সুবর্ণা আক্তার শশী।
অনুষ্ঠানের শুরুতে ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুলের পাঁপড়ি ছিটিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং তাদের হাতে উপহার হিসেবে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। সভায় বক্তারা পরীক্ষার্থীদের আসন্ন পরীক্ষায় মেধা ও সততার সাথে ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।
Reporter Name 


















