
ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটার পুকুর থেকে নাছিমা খাতুন (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের পাশে ‘ইকো ব্রিকস’ নামের একটি ইটভাটার পুকুরে বোরকা পরা অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত নাছিমা খাতুন আমবাজার সংলগ্ন বাহাজ্জেল হোসেন মহিলা মাদ্রাসার সাবেক শিক্ষার্থী এবং সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে।
নাছিমার মা নাজমা বেগম জানান, বুধবার সকালে বৈশাখী মেলায় যাওয়ার কথা বলে মেয়েটি বাড়ি থেকে বের হয়। তিনি নিষেধ করলেও নাছিমা তা না মেনে বেরিয়ে যায়। পরে বাড়িতে না ফেরায় তিনি ধারণা করেন, হয়তো অভিমান করে নানাবাড়িতে গেছে। তবে রাতে সেখানে খোঁজ নিয়ে জানা যায়, সেখানেও যায়নি।
পরদিন সকালে লোকমুখে ইটভাটার পুকুরে একটি মেয়ের মরদেহ ভাসার খবর পেয়ে গিয়ে তিনি মেয়ের লাশ শনাক্ত করেন।
কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সায়েম ইউসুফ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে।
Reporter Name 


















