
*নবীগঞ্জে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, আহত অর্ধশতাধিক।
আলী হোসেন হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে সরকারি জমি দখল-বেদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেগমপুর গ্রামের খলিলুর রহমান দীর্ঘদিন ধরে সরকারি জমিতে ঘর-বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন। একই গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মনিরুজ্জামান ও হেলাল মিয়ার নেতৃত্বাধীন একটি পক্ষ ওই জমি দখলের চেষ্টা করলে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকালে হেলাল ও মনিরুজ্জামানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কলেজ ছাত্র মঞ্জুর মিয়া (২৩) গুরুতর আহত হন এবং পরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মঞ্জুর মিয়া নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় নিহতসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।
নিহতের বাবা খলিলুর রহমান অভিযোগ করে বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে তারা ওই জমিতে বসবাস করছেন। প্রতিপক্ষরা জোরপূর্বক তাদের উচ্ছেদের চেষ্টা করে হামলা চালায় এবং তার কলেজ পড়ুয়া ছেলেকে হত্যা করে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া জানান, সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
Reporter Name 


















