
নরসিংদী থেকে আব্দুস সালাম: নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় নগদ বিপুল পরিমাণ টাকা লুট ও দুটি প্রাইভেটকার ভাঙচুরের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মুহাম্মদ নাঈম মোল্লা (৪০), শিবপুর উপজেলার চরসুজাপুর এলাকার বাসিন্দা ও স্টার সিএনজি পাম্পের পরিচালক। তিনি অভিযোগ করেন, গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টার দিকে তিনি দুটি প্রাইভেটকার নিয়ে শিবপুর থানার কারারচর শাহপুর এলাকায় নিজ জমি দেখতে যান।
এ সময় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের মোস্তফা মিয়া (৩৮), মাসুদ মিয়া (৩০), মামুন মিয়া (২৭), মুকবুল মিয়া (৩০), ফারুক মিয়া (৩৫), আল আমিন ওরফে চায়না আল আমিন (৩৫), নুরা (২৭), রিফাত মিয়া (২২), জুয়েল মিয়া (২৬) ও রশিদ মিয়া (৩০)সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন দেশীয় অস্ত্র নিয়ে তার জমিতে প্রবেশ করে বাধা প্রদান ও গালিগালাজ করে।
প্রতিবাদ করলে হামলাকারীরা এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা স্থানীয় লিপু (৩৫) ও মাহাবুব (৩৩) গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর প্রাণনাশের উদ্দেশ্যে আঘাত করে, ফলে তাদের হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়।
এছাড়া হামলাকারীরা ঘটনাস্থলে থাকা দুটি প্রাইভেটকার ভাঙচুর করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন করে। একই সঙ্গে গাড়িতে থাকা গ্যাস বিক্রয়ের নগদ প্রায় ১৩ লাখ ৩৮ হাজার টাকা লুট করে নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী জানান, এ ঘটনায় এলাকাবাসীকে জানিয়ে পরবর্তীতে শিবপুর মডেল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
Reporter Name 


















