
ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌরসভায় রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে মোঃ মাসুম শেখ (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌর সদরের মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুম শেখ নাজিরপুর উপজেলা রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে ট্যাংকির ভেতরে নেমে কাজ করছিলেন মাসুম শেখ। এ সময় ট্যাংকির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তিনি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্ আবু জাহের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গ্যাসের কারণে তার মৃত্যু হয়েছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
Reporter Name 


















