
স্টাফ রিপোর্টার আমিন কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ এক কুখ্যাত মানবপাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে টেকনাফ থানাধীন মহেশখালিয়া পাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সেখান থেকে ৭.৬৫ মিলিমিটার ক্যালিবারের একটি বিদেশি পিস্তলসহ মোঃ ইয়াসিন (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ইয়াসিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মহেশখালিয়া পাড়ার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
কোস্ট গার্ড সূত্রে আরও জানা যায়, জব্দকৃত অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানবপাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 


















