
হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার : জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজার সংলগ্ন মেসার্স আমির ফিলিং স্টেশনে কয়েকদিনের জ্বালানি সংকট ও ভোগান্তির পর অবশেষে স্বস্তি ফিরেছে।
শুক্রবার সরেজমিনে দেখা যায়, ফিলিং স্টেশনগুলোতে আর আগের মতো দীর্ঘ লাইন বা বিশৃঙ্খলা নেই। গ্রাহকরা এখন স্বল্প সময়েই নির্বিঘ্নে জ্বালানি সংগ্রহ করতে পারছেন।
গত কয়েকদিন ধরে তেলের সংকট ও অতিরিক্ত ভিড়ের কারণে পাম্পগুলোতে চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেককে তেল না পেয়ে ফিরে যেতে হয়েছে। তবে আজকের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন।
সকাল থেকেই মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের উপস্থিতি থাকলেও পরিস্থিতি ছিল নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল। পাম্প কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থাপনা এবং গ্রাহকদের সচেতন আচরণের ফলে পুরো পরিবেশে শৃঙ্খলা ফিরে এসেছে।
এখন কোনো ধরনের ধাক্কাধাক্কি বা বিশৃঙ্খলা ছাড়াই কয়েক মিনিটের মধ্যেই চালকরা তেল নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরতে পারছেন।
স্থানীয়দের মতে, এ ধরনের সুশৃঙ্খল ব্যবস্থাপনা অব্যাহত থাকলে ভবিষ্যতে আর ভোগান্তির শিকার হতে হবে না।
Reporter Name 


















