
হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার : জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ হাটের কেন্দ্রীয় জামে মসজিদের সামনের প্রধান সড়কে ময়লা-আবর্জনার স্তূপ থেকে ছড়ানো অসহনীয় দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন মুসল্লি ও সাধারণ ক্রেতারা। বাজারের যত্রতত্র ফেলা এই বর্জ্যের দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে, যা এখন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোসলেমগঞ্জ হাটের গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন।
বিশেষ করে কেন্দ্রীয় মসজিদের ঠিক সামনের রাস্তায় বাজারের ময়লা-আবর্জনা ফেলায় সেখানে এখন এক বিশাল ভাগাড়ে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সেই আবর্জনা পচে গিয়ে নর্দমার পানির সঙ্গে মিশে একাকার হয়ে যায়।
এতে মসজিদে আসা মুসল্লিদের পবিত্রতা রক্ষা ও চলাচলে চরম বিপাকে পড়তে হচ্ছে।
হাটে আসা একাধিক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “মসজিদের সামনে এভাবে ময়লার স্তূপ রাখা অত্যন্ত দুঃখজনক। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। প্রশাসনের উচিত দ্রুত এখান থেকে ময়লা অপসারণের ব্যবস্থা করা।
ভুগতে থাকা মুসল্লিরা জানান, নামাজের সময় জানালার পাশ দিয়ে আসা তীব্র দুর্গন্ধে মসজিদের ভেতরে অবস্থান করাও দায় হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও হাট ইজারাদার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকাবাসী ও মুসল্লিদের জোর দাবি, জনস্বার্থ এবং পবিত্র মসজিদের পরিবেশ রক্ষায় দ্রুত এই ময়লা অপসারণ করে নির্দিষ্ট স্থানে ফেলার স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় এই ভোগান্তি আরও দীর্ঘস্থায়ী হবে এবং এলাকায় রোগব্যাধি ছড়ানোর আশঙ্কা বাড়বে।
Reporter Name 


















