
মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ভাঙ্গা উপজেলা এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচার হাতে ভাতিজা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শ্যাম বিশ্বাস (৪০), পিতা মৃত রাজেশ্বর বিশ্বাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের নিখিল বিশ্বাস, বাঁধন বিশ্বাস ও নয়নী রানীর সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে শ্যাম বিশ্বাসের পরিবারের বিরোধ চলছিল।
ঘটনার দিন দুপুরে বাড়ির নাকেল গাছে ওঠাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ চরমে পৌঁছালে শ্যাম বিশ্বাসের আপন চাচা ও চাচাতো ভাই ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
এসময় হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে শ্যামের মা মিনতি রানী বিশ্বাস (৬০)-কেও মারধর করে আহত করে।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্যাম বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত মিনতি রানী বিশ্বাস বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায়।
ভাঙ্গা থানা পুলিশের এসআই করিম হোসেন জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মৃতদেহে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ
Reporter Name 


















