
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেল ৪টায় আয়োজিত এ সম্মেলনে স্থানীয় কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল খান। তিনি বলেন, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং দেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষি খাতকে আধুনিকায়ন ও কৃষকদের উন্নয়নে বিভিন্ন কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ে সচেতন হওয়ার আহ্বান জানান। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্মেলনটি সম্পন্ন হয়।
Reporter Name 


















